বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৬ এপ্রিল রাজধানীতে সমাবেশ ডেকেছে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (ভারপ্রাপ্ত দপ্তর) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ২৮ অক্টোবর সর্বশেষ নয়াপল্টনে সমাবেশ করেছিল বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে গতকাল এ সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে অবহিত করে চিঠি দিয়েছে বিএনপি।