বন্ধুর বিয়েতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় রেলকর্মীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে বন্ধুর বিয়েতে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৩৩) রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দর আলীর ছেলে। তিনি রেলওয়ে লালমনিরহাট শাখায় খালাসি পদে চাকরি করতেন। পাটগ্রাম রেলস্টেশনের মাস্টার নুর আলম বলেন, রাজ্জাক রেলের স্টাফ ছিলেন। বন্ধুর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে এসে বুড়িমারী থেকে লালমনিরহাটগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শী হাজরা বেগম নামে এক নারী বলেন, ‘ঘুন্টি বাজার থেকে রেললাইনের ওপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় ট্রেন আসতে দেখে আমি চিৎকারও করেছিলাম। কিন্তু আমার এত চেঁচামেচিও তিনি শুনতে পাননি। সেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার।’ লালমনিরহাট রেলওয়ে থানার ওসি ফেরদৌস হোসেন বলেন, খবর পেয়ে রেল পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।