রাজধানীর হাতিরঝিলে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রবিন (৩০)। গতকাল শনিবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্রিজ ধরে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে স্থানীয়রা।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন গাজী সাংবাদিকদের বলেন, হাতিরঝিল থানা পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি, পুলিশ প্লাজার পেছনে ব্রিজের নিচে একটি মরদেহ ভাসমান অবস্থায় রয়েছে। পরে বাড্ডা থানার একটি টিম গিয়ে উদ্ধার করে। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
এদিকে রাজধানীর ফকিরাপুলে ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তি ও গুলিস্তান গোলাপ শাহ মাজারের পাশ থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ফকিরাপুলে ও সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর জানান, বিকেলে খবর পেয়ে ফকিরাপুল ট্রাফিক সিগন্যালের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তিনি ভিক্ষাবৃত্তি করতেন এবং ওই এলাকাতেই থাকতেন।
শাহবাগ থানার এসআই মো. আরিফ নেওয়াজ জানান, সকালে খবর পেয়ে গোলাপ শাহ মাজারসংলগ্ন রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।