অবশেষে খানিক স্বস্তি আর্তেতার

প্রিমিয়ার লিগে শনিবার রাতে উলভারহ‍্যাম্পটনকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ফিরেছে টেবিলের শীর্ষে।

প্রথমার্ধের শেষ মিনিটে লিয়েন্দ্রো ট্রোসার্ড দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব‍্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মার্টিন ওদেগার্ড।

চ‍্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-২ ড্র করার পর বায়ার্ন মিউনিখের মাঠে ১-০ গোলে হারে আর্সেনাল। তার আগে প্রিমিয়ার লিগের ম‍্যাচে ঘরের মাঠে অ‍্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ ব‍্যবধানে হারে তারা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিন ম‍্যাচ পর জিতল মিকেল আর্তেতার দল।

৪৫তম মিনিটে গাব্রিয়েল জেসুসের পাস থেকে বক্সে থাকা উলভারহ‍্যাম্পটন ওয়ান্ডারার্সের ৯ জন খেলোয়াড়ের জটলার মাঝেও আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ট্রোসার্ড। বেলজিয়ান ফরোয়ার্ড পেয়ে যান আসরে নিজের নবম গোল।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় দফায় উলভারহ‍্যাম্পটনের জাল খুঁজে নেন আর্সেনাল অধিনায়ক ওডেগার্ড। এতে তিন ম‍্যাচ পর জয়ে ফেরার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আর্তেতার দল।

৩৩ ম‍্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে আপাতত চূড়ায় উঠে এসেছে আর্সেনাল। ৩২ ম‍্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে সিটি। সমান ম‍্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল।