‘বিশ্বকাপের বিমান ধরতে সম্ভাব্য সবকিছুই করবো’

যখন আমি অনুশীলন করি, বুঝতে চেষ্টা করি তারা এভাবে বল করলে আমি কীভাবে বাউন্ডারি বের করতে পারি। ফিল্ডিং কল্পনা করে ব্যাট করি। ফিনিশার হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আমি দারুণ উপভোগ করছি

-দিনেশ কার্তিক

৩৮ বছরের কোনো ক্রিকেটারকে বুড়ো ভাবাই যায়। যে সময়টায় অন্যরা অবসরের পরিকল্পনা করেন সেখানে দিনেশ কার্তিক ভাবছেন জাতীয় দলে ফেরার কথা। এ উইকেটকিপার ব্যাটারকে ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছে বিস্ফোরক ব্যাটিং করতে। তাতে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে থাকার জোর দাবী জানিয়েছেন ব্যাটের নৈপুণ্যে।  

গত ১৫ এপ্রিল সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন কার্তিক। সানরাইজার্সের রেকর্ড ২৮৭ রান তাড়া করতে গিয়ে খেলেছিলেন ধুম ধাড়াকা এক ইনিংস। ৩৫ বলে ৫ চার ৭ ছক্কায় কার্তিক সেদিন করেন ৮৫ রান। কম যান না গ্লাভস হাতে উইকেটের পিছনেও।

আজ বিকেলে ইডন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে নিজের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে তাই ভীষণ আশাবাদী কথা শুনিয়েছেন এই ব্যাটার,  'জীবনের এই ধাপে এসে ভারতের প্রতিনিধিত্ব করা (বিশ্বকাপে) আমার কাছে বিশাল অনুভূতি হবে। আমি এটা (বাস্তবায়ন) করতে খুবই উদগ্রীব আছি। এর চেয়ে বড় কিছু জীবনে নেই।'

এর আগে ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২৩ বলে কার্তিক করেছিলেন ৫৩ রান। এখন অবধি ৭ ম্যাচে ৬ ইনিংসে ৭৫.৩৩ গড় আর ২০৫.৪৫ স্ট্রাইকরেটে ২২৬ রান করেছেন কার্তিক। চলতি আইপিএলে তার এ নৈপুণ্য সম্ভাবনা জাগিয়েছে আবার দলে ফেরার।

বিশ্বকাপ দলে থাকা, না থাকা নির্ভর করছে নির্বাচকদের উপর। তবে দলে থাকতে বাকি ম্যাচগুলোতে সেরাটা দিতে চান তিনি, ‘বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড কেমন হবে তা ঠিক করতে খুবই শক্ত ও সৎ তিনজন দায়িত্বে আছেন- রাহুল দ্রাবিড় (কোচ), রোহিত শর্মা (অধিনায়ক) ও অজিত আগারকার (প্রধান নির্বাচক)। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি, সমর্থন করি।  আমি বিশ্বকাপ খেলতে শতভাগ প্রস্তুত, বিশ্বকাপের ফ্লাইট ধরতে সম্ভাব্য সবকিছুই করব।’