আজ লা লিগায় এল ক্লাসিকো। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মেসি-রোনালদো চলে যাবার পর সেই তারকাখ্যাতি আর নেই। তবে এল ক্লাসিকো মানেই যখন চিরন্তন এক দ্বৈরথ তখন আজ কি দেখা যাবে মাঠের সেই উত্তাপ।
অনেকেই মনে করেন এল ক্লাসিকোতে আর আগের মতো উত্তাপ নেই, এমনটি ভাবেন সাবেক রিয়াল খেলোয়াড় মেসুত ওজিলও। জার্মানির সাবেক এই মিডফিল্ডার মনে করেন এমনটি হয়েছে বার্সেলোনার কারণে। ‘এই মুহূর্তে এটি (এল ক্লাসিকো) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ। দুর্ভাগ্য আমাদের পেপ এর আমলের বার্সা ছিল ইতিহাসের অন্যতম সেরা দল। তখন এল ক্লাসিকোর মান ছিল অন্য পর্যায়ে, যা এখনকার তুলনায় ভিন্ন ছিল।’
ওজিলের মতে এখন মানুষ এল ক্লাসিকোর চেয়ে বেশি আগ্রহী থাকে লিভারপুল-সিটি কিংবা প্রিমিয়ার লিগের ম্যাচ নিয়ে। তবে এল ক্লাসিকোর মান কমে যাওয়ার পেছনে রিয়াল দায়ী নয়। ‘রিয়াল মাদ্রিদের দোষ নেই। রিয়াল এখনো বিশ্বের অন্যতম সেরা ক্লাব। সমস্যা হলো বার্সেলোনাকে নিয়ে, তারা নিজেদের যেন হারিয়ে ফেলছে। তারা ভুগছে নিয়মিত তবে তারা চেষ্টা করছে ভালো করার। তাদের সব পজিশনেই ভালো খেলোয়াড় আছে কিন্তু তাদের ইনজুরি সমস্যাও বেশ ভোগাচ্ছে এই মৌসুমে। তাদের নিজেদের ভুলগুলো দেখা উচিত আর সবসময় রেফারি নিয়ে কান্না করা বন্ধ করা উচিত।’
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা প্রথম মুখোমুখি হয়েছিল ১৯০২ সালে। এখন পর্যন্ত ২৫৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়েছে এই দল দুটি। রিয়াল জিতেছে ১০৪ ম্যাচে, বার্সেলোনা ১০০টিতে আর ড্র হয়েছে ৫২ ম্যাচ। রিয়াল গোল করেছে ৪৩০টি, বার্সার গোল ৪১৭টি। এছাড়াও ৪২টি প্রীতি ম্যাচ খেলেছে রিয়াল-বার্সা। সেখানে ৬ ম্যাচ জিতেছে রিয়াল, বার্সার জয় ২৪ ম্যাচে, ড্র হয়েছে ১২টি।
জাভি হার্নান্দেজ এল ক্লাসিকোর সঙ্গে বেশ পরিচিত। বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে ১৯৯৮-২০১৫ পর্যন্ত ছিলেন। তখন নিয়মিতই রিয়ালের মুখোমুখি হয়েছেন। পরে ২০২১ থেকে বার্সার কোচ হিসেবে এল ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে গেছেন জাভি। এই মৌসুম শেষে বার্সা ছাড়বেন তিনি। ফলে কোচ জাভির শেষ এল ক্লাসিকো হতে যাচ্ছে আজ।
এই মৌসুমে লিগে প্রথম দেখায় বার্সার মাঠে জিতেছিল রিয়াল। সবশেষ সুপার কাপেও রিয়ালের কাছে হেরেছে কাতালান ক্লাবটি। গত মৌসুমেও লা লিগায় নিজেদের মাঠে বার্সাকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ।