বৈশ্বিক ডিজিটাল-প্রকৌশলভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী সিটি কলেজের সাথে যৌথ সহযোগিতার অংশীদারিত্ব গড়ে তুলেছে। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত সিটি কলেজ অব নিউ ইয়র্ক সিটি ইউনিভারসিটি অব নিউ ইয়র্কের মূল অংগপ্রতিষ্ঠান। এই সহযোগিতার আওতায় শিক্ষার্থীদের চাকরির বাজারের প্রয়োজনীয় চাহিদা মোতাবেক দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে চাকরির জন্য প্রস্তত করে তুলবে এবং বৈশ্বিক পর্যায়ে শিক্ষা সহযোগিতা বৃদ্ধি ও শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে সিটি কলেজের সম্প্রসারণ ঘটবে। এই উদ্যোগের ফলে ২০০০০ এরও বেশি শিক্ষার্থী এবং সদ্য পাস করা স্নাতকদের উপকারে আসবে।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার এই অনুষ্ঠানে প্রধান অতিथि হিসাবে উপস্থিত ছিলেন। কোডার্সট্রাস্টের চেয়ারম্যান আজিজ আহমদ এবং সিটি কলেজের ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. জুয়ান কার্লোস মেরকাডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (কিউনি) এর এশিয়ান আমেরিকান/এশিয়ান রিসার্চ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক ড. জয়েস ময়, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষাসচিব এন আই খান, জাতিসংঘের একটি চুক্তিবদ্ধ সংগঠন ইউনিভার্সিটি ফর পিসের বিশেষ উপদেষ্টা অধ্যাপক মেলিসা ওয়াইলড এবং কোডার্সট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিটি কলেজ ও কোডার্সট্রাস্টকে অভিনন্দন জানিয়ে সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বলেন, এই অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের মহতি লক্ষ্যসমূহকে আরও শক্তিশালী করবে ও তা বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। তিনি বাংলাদেশ এবং বিশ্বব্যাপী, বেকার, ছদ্মবেকার বা অর্ধবেকার যুব সমাজকে বিশেষ করে বেকার নারীদের দক্ষ কর্মীশক্তিতে রূপান্তর করার ক্ষেত্রে কোডার্সট্রাস্টের নিরলস ভূমিকা ও প্রয়াসসমূহের প্রশংসা করেন।
কিউনির ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বিভাগের ডিন ড. জুয়ান মেরকাডো কোডার্সট্রাস্টকে অবহেলিত, বেকার, অর্ধবেকার বা ছদ্মবেকার ও পিছিয়ে পড়া যুবক এবং মহিলাদের দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে দৃষ্টি নিবদ্ধ রাখা ও নিবেদিত থাকার জন্য প্রশংসা করেন। তিনি বলেন, 'কোডার্সট্রাস্টের সাথে এই চুক্তি আমাদের, বিশেষ করে সিটি কলেজের কন্টিনিউিং অ্যান্ড প্রফেশনাল স্টাডিজ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের আজকের চাকরির বাজারের জন্য ক্রমবর্ধমান চাহিদাধীন ক্ষেত্রগুলোতে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ তৈরি করে দেবে, বিশেষ করে বিশ্বব্যাপী চাকরির বাজারে প্রবেশ করার ক্ষেত্রে তাদের সহায়তা করবে।
কোডার্স্ট্রাষ্টের চেয়ারম্যান আজিজ আহমদ বলেন, সিটি কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে এই অংশীদারিত্ব তার জন্য ব্যক্তিগতভাবে বিশেষ অর্থ বহন করে এবং তিনি সিটি কলেজের কর্তৃপক্ষের নিকট এই সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞ। এই সুযোগ তাকে বেকার, অর্ধবেকার বা ছদ্ম বেকার যুবসমাজকে দক্ষ কর্মী হিসেবে রূপান্তর করার অংশীদারিত্বমূলক দায়িত্ব পালন করার পথ তৈরি করে দিয়েছে। এর ফলে তিনি নিউ ইয়র্ক ও বাংলাদেশ যৌথ বাসিন্দা হিসেবে উভয় স্থানের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পাবেন।
জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মেলিসা ওয়াইল্ড বলেন, চলমান বিশ্ব অর্থনীতিতে অবদান রাখতে পারে এমন অত্যাবশ্যকীয় উপাদান যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগডেটা বা বড় উপাত্ত ইত্যাদি যুবসমাজের দক্ষতা বৃদ্ধির জন্য বিবেচনায় নিয়ে দক্ষতা উন্নয়নের কর্মে লাগানো এখন সময়ের দাবি এবং বহুধা বিভক্ত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এগুলো অত্যন্ত প্রাসঙ্গিক ও অত্যাবশ্যক।