আইন না মানলে দুর্ঘটনা ঘটবেই: বিআরটিএ চেয়ারম্যান 

'সড়কে যে আইন আছে সেটি না মানলে সড়কে দুর্ঘটনা ঘটবেই' বলে মন্তব্য করেছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, আমাদের সামজিক আন্দোলন গড়ে তুলতে হনে। এই সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাইকে সচেতন হতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে।

আজ রবিবার (২১ এপ্রিল) বিকালে ঈদুল ফিতর পূর্ববর্তী ও পরবর্তী সময়ের সড়ক দুর্ঘটনার, বিআরটিএ কর্তৃক গৃহীত ব্যবস্থাপনা ও সড়কের সার্বিক নিরাপত্তাসংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, এবার ঈদযাত্রার ১৭ দিনে (৪ থেকে ২০ এপ্রিল) বিআরটিএর রিপোর্ট অনুযায়ী ২৮৬টি সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬২ জন। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ১৭টি সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়।

সংস্থাটির চেয়ারম্যান বলেন, বিআরটিএর বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে একটি যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দেওয়া সম্ভব হলেও দুটি বড় সড়ক দুর্ঘটনা এ সফলতাকে কিছুটা ম্লান করেছে।

যদিও গত শনিবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দাবি করেন, চলতি ঈদে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩৯৮ জন।

এদিকে বিআরটিএ জানিয়েছে, গত বছর ঈদুল ফিতরের ১৫ দিনে (১৫ থেকে ২৯ এপ্রিল, ২০২৩) মোট ২৫৩টি সড়ক দুর্ঘটনায় ২৩৯ জন নিহত ও ৫১০ জন আহত হয় অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩৪ জন আহত হয়।

বিআরটিএ তাদের পর্যালোচনায় বলছে, গত বছরের তুলনায় এবারে ঈদুল ফিতরে গড় দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পায়নি তবে গড় নিহতের সংখ্যা প্রায় তিনজন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এবারে নিহতের গড় সংখ্যা প্রায় ১৮.৭৫% বৃদ্ধি পেয়েছে।

এদিকে যাত্রী কল্যাণ সমিতির তথ্যকে অগ্রহণযোগ্য দাবি করেছেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এদিকে বিআরটিএ চেয়ারম্যান জানিয়েছেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন এলাকায় এবং ঝালকাঠি জেলার গাবখান সেতুর টোল প্লাজায় সংঘটিত সড়ক দুর্ঘটনা দুটি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, এআরআই ও বিআরটিএর সমন্বয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক কর্তৃক গঠিত স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে তদন্ত করা হচ্ছে।

যৌথ তদন্ত শেষে সংস্থাটি জানায়, উক্ত দুটি দুর্ঘটনাকবলিত মোটরযানগুলোর কাগজপত্র মেয়াদোত্তীর্ণ ছিল। ফলে তাদের রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।