‘আওয়ামী সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দখলদার আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের এ ধরনের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি রবিবার (২১ এপ্রিল) এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী অবৈধ সরকার অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাজা প্রদান এবং আদালতকে দিয়ে জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। আর সেটিরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সবুজবাগ থানার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, সাবেক সহ—সভাপতি মো. মোরসালিনসহ ৩ জন, হাজারীবাগ থানার সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ, বিএনপি নেতা সাবের হোসেন, কালাম, হান্নান খান, আবু কাউসার ভুঁইয়া, হুমায়ুন, আনিসুর রহমান শিপলু, সানি ও ইয়াসিন, কোতয়ালী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বংশাল থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সিরাজ উদ্দীন সিরাজ, যুগ্ম সম্পাদক সেন্টু আহমেদ সাকি, ৩২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ—সভাপতি সৈয়দ মঞ্জুরুল হক, বিএনপি নেতা মোহাম্মদ মঈন, ৩৩ ওয়ার্ড যুবদল সভাপতি ওমর ফারুক, সহ—সভাপতি রাজু বল্লম রাজু, মো. রকি, ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মো. বিল্লাল, মো. ফালান, মোহাম্মদ রনি, ৩৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মামুন, সাগর, শাওনসহ ২৭ জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও জেল হাজতে প্রেরণ বর্তমান আওয়ামী ডামি সরকারের চলমান অপকর্মেরই নিরবচ্ছিন্ন অংশ। 

তিনি বলেন, সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা প্রদান এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।