রাজধানীর কামরাঙ্গীরচর নুরবাগে মাদকাসক্ত মামার ছুরিকাঘাতে তানিন হোসেন সিফাত (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছেন আরেক ভাগ্নে তামিম আহমেদ (২৪)।
আজ রবিবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে নুরবাগ পুরাতন পুলিশ ফাঁড়ি গলির একটি বাসায় এঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টায় মৃত ঘোষণা করেন।
আহত তামিম আহমেদ জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। বাবার নাম জামিল হোসেন। তবে পরিবার নিয়ে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা কালিন্দি এলাকায় থাকেন। দুই ভাই তামিম ও তানিন কামরাঙ্গীরচর নুরবাগ মনির চেয়ারম্যান গলিতে মেজ মামা রিপনের ইলেক্ট্রিক পণ্যের দোকানে কাজ করেন।
তিনি জানান, দুপুরে তারা দুই ভাই মামার বাসায় খাবার খেতে যান। সেখানে যাওয়ার পর দেখেন, তাদের ছোট মামা রাকিব নানিকে মারধর করছে। তখন তামিম তাকে জাপটে ধরে রাখে। কিছুক্ষণ পর শান্ত হলে তাকে ছেড়ে দেন। তবে ছাড়া পেয়েই মামা রাকিব ধারালো ছুরি এনে ভাগ্নে তামিমকে প্রথমে আক্রমণ করে। তাকে ফেরাতে গেলে তানিনকেও ছুরিকাঘাত করেন তিনি।
নিহত তানিনের মেজ মামা মো. রিপন জানান, রাকিব মাদকাসক্ত। কোনো কাজ করে না। মাঝেমাঝেই বাবা-মাকে মারধর করত। আজ বিকেলে তাদের মরধর করার সময় ভাগ্নেরা ফেরাতে গেলে সে এঘটনা ঘটায়।
চিকিৎসকের বরাত দিয়ে তানিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এএসআই মো. মাসুদ জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরঙ্গীরচর থানাকে জানানো হয়েছে। তারা বিস্তারিত তদন্ত করছে।