এল ক্লাসিকো মানেই বাড়তি উম্মাদনা। প্রতিটি এল ক্লাসিকোই ফুটবল ভক্তদের স্মৃতিতে গেথে থাকে। লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে। এই মাঠেই দশ বছর আগে লা লিগারই এক ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সেলোনা। সেটি ছিল ২০১৩-১৪ মৌসুমে লিগের ২৯তম রাউন্ডের ম্যাচ।
আগের মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা রিয়ালের মুখোমুখি হওয়ার আগে শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছিল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। তাই ম্যাচের আগে ফেভারিট ভাবা হচ্ছিলো রিয়াল মাদ্রিদকে।
রিয়ালের আক্রমণভাগে তখন ছিল বিবিসি (বেনজেমা-বেল-রোনালদো)। তো বার্সেলোনাতে মেসি ও নেইমার।
সেদিন ম্যাচের সপ্তম মিনিটে মেসির থ্রু পাস থেকে গোল করেছিলেন ইনিয়েস্তা। তবে ২০ ও ২৪ মিনিটে করিম বেনজেমা গোল করলে এগিয়ে যায় রিয়াল। বেনজেমার দুই গোলেই অ্যাসিস্ট করেছিলেন ডি মারিয়া। কাতালান সমর্থকদের অবশ্য বেশিক্ষণ হতাশ থাকতে হয়নি। ৪২ মিনিটে মেসির গোল ২-২ সমতা আনে ম্যাচে। মেসির গোলটিতে অ্যাসিস্ট করেছিলেন নেইমার।
রোনালদো তখনও গোলের দেখা পাননি। তবে ম্যাচের ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। দানি আলভেস রোনালদোকে বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টি পেয়েছিল রিয়াল।
৬৪ মিনিটে ভুল করে বসেন ডিফেন্ডার সার্জিও রামোস। নিজেদের বক্সে নেইমারকে মারাত্মক ফাউল করে দেখেন লাল কার্ড। পেনাল্টি থেকে গোল করে (৩-৩) সমতা ফেরান মেসি।
এরপর আলভেসের একটি শট পোস্টে লাগে। ম্যাচে তখন টানটান উত্তেজনা। আবারও ভুল করে বসেন রিয়ালের খেলোয়াড়রা। জাবি আলোনসো ও দানি কার্ভাহাল মিলে বক্সে ফাউল করেন ইনিয়েস্তাকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। বার্সাও এগিয়ে যায় ৪-৩ গোলে। শেষ পর্যন্ত এই স্কোরলাইনে ম্যাচটি জেতে তারা। রিয়াল বার্নাব্যুতে টানা ১৭ ম্যাচ জেতার পর হারে বার্সার কাছে।
তাতে পয়েন্ট টেবিলও বেশ জমে ওঠে। ২৯ ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট হয় সমান ৭০, বার্সার পয়েন্ট হয় ৬৯। মৌসুম শেষে মোট ৯০ পয়েন্টে শিরোপা জিতেছিল আতলেতিকো। আর ৮৭ পয়েন্টে শেষ করে বার্সা ও রিয়াল।
এই ম্যাচে হ্যাটট্রিকে বেশ কিছু কীর্তিও গড়েছিলেন মেসি। ২৩৬ গোলে লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন। এল ক্লাসিকোতেও সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হন মেসি (২১ গোল)। পরবর্তীতে মেসি এই সংখ্যা আরও বাড়ান।
৪৭৪ গোল নিয়ে লা লিগায় মেসিই সর্বোচ্চ গোলদাতা। এল ক্লাসিকোতে মেসির গোল সংখ্যা ২৬টি।