গফরগাঁওয়ে রাস্তা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়  রাস্তা  নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের সংর্ঘষে প্রতিপক্ষ চাচাতো ভাইদের হাতে রাজিব মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রাজিব মিয়া পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামের আমিন মিয়ার ছেলে ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামে সরকারি হালট থেকে বাড়ি যাওয়ার রাস্তা নিয়ে আমিন মিয়ার ছেলে রাজিব মিয়া ও সুজন মিয়ার সঙ্গে একই গোষ্ঠির  চাচাতো ভাই মকবুল,দুলাল ও আশরাফুলদের  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ববিরোধের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজের পর তাদের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ  হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ মকবুল, দুলাল ও আশরাফুলরা অপরপক্ষের রাজিব ও সুজনকে কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে রাজিব মারা যায়।

নিহতের বাবা আমিন মিয়া বলেন, সন্ত্রাসী মকবুল, দুলাল ও আশরাফুল গংরা পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলে রাজিবকে কুপিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন জানান, এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।