ভারতের লোকসভা নির্বাচনের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ঠেকাতে বিরোধীরা যখন একাট্টা হয়ে লড়ছে, তখন কেরালায় দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য এক ছবি। সেখানে বিজেপি যে অপ্রাসঙ্গিক; আর পরস্পরের যুযুধান ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং রাজ্যে ক্ষমতাসীন ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআইএম)। বলে রাখা ভালো, এই দুই দল বিজেপিবিরোধী জোট ‘ইনডিয়া’-এর শরিক। দল দুটি পশ্চিমবঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করছে। বাকযুদ্ধে জড়িয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার আসরে নেমেছেন প্রিয়াংকা গান্ধীও।
কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী গত শনিবার নির্বাচনী প্রচারে কেরালার পথনমথিট্টায় গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা পিনারাই বিজয়ানকে নিশানা করেন। তিনি বলেন, ‘কেরালার মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে বোঝাপড়া করেছেন। তাই ওদের (বিজেপি) সমালোচনা না করে বারবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে আক্রমণ করছেন।’
প্রিয়াংকার অভিযোগ, কূটনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে আরব বিশ্ব থেকে বেআইনিভাবে সোনা আমদানি করেন বিজয়ান। সমবায় ব্যাংক দুর্নীতি-সহ নানা কেলেঙ্কারিতে তার নাম থাকলেও তিনি কেন্দ্রীয় এজেন্সির নজরে নেই।
এর আগে সিপিআইএমের সভা থেকে বিজয়ান অভিযোগ করেন, প্রিয়াংকা গান্ধীর স্বামী রবার্ট বঢরা হরিয়ানায় জমি দুর্নীতিতে যুক্ত। বিজেপিকে নির্বাচনীয় বন্ডে সহযোগিতার মাধ্যমে দুর্নীতির অভিযোগ থেকে বেঁচেছেন রবার্ট ও তার সহযোগীরা।
রাহুল গান্ধীকে কেরালা থেকে না লড়তে অনুরোধ করেছিলেন সিপিআইএম ও তার মিত্র বামশক্তিরা। কিন্তু রাহুল সেই অনুরোধ উপেক্ষা করে টানা দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন। বিজয়ানকে নিশানা করেন খোদ রাহুল। কংগ্রেস নেতা বলেন, ‘বিরোধী দলগুলোর নেতা-নেত্রীরা অহরহ কেন্দ্রীয় এজেন্সির নিশানা হচ্ছেন। কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদও করছে না?’
রাজ্যের কোঝিকোড়ে সিপিআইএমের সমাবেশ থেকে রাহুলের ওই মন্তব্যের জবাব দেন বিজয়ান। এ সময় রাহুলের নামের সঙ্গে ‘পাপ্পু’ ও ‘আমুল বেবির মতো শব্দ জুড়ে যাওয়ার প্রসঙ্গও তোলেন তিনি; ঠিক যে ভাষায় বিজেপি আক্রমণ করেন রাহুলকে। বিজয়ান বলেন, ‘রাহুল গান্ধী, আপনার পুরনো নাম আছে। এখনো সেই ভাবমূর্তি থেকে আপনি সরে আসতে পারেননি।’ তিনি অভিযোগ করেন, রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করে বাম নেতাদের দেড় বছর কারাবন্দি করেছিলেন।