ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ হচ্ছে বছরখানেক ধরে বলিপাড়ায় এই গুঞ্জন। শোনা যাচ্ছিল, বচ্চন পরিবারের সঙ্গে ক্রমাগত নাকি দূরত্ব বাড়ছিল অভিনেত্রীর। মাসখানেক আগে ননদ শ্বেতা নন্দার ৫০তম জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি অভিষেক-ঐশ্বরিয়াকে। তার আগে বচ্চনদের দীপাবলির অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। এর ফলেও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জলঘোলা হয় এক সময়। অবশেষে নিজের ১৭তম বিবাহবার্ষিকীর দিনই সব কিছু খোলাসা করে দিলেন ঐশ্বরিয়া নিজে। সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার অভিষেক ও মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি দিলেন ঐশ্বরিয়া। ক্যাপশনে শুধুই হৃদয়ের ইমোজি। মায়ের কাঁধে মাথা দিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, নিজেই ছবিটি তুলেছেন ঐশ্বরিয়া। এই একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন জুনিয়র বচ্চন। আসলে গত কয়েক মাস ধরে তাদের নিয়ে যেসব জল্পনা ঘনীভূত হয়েছে, এই একটি পোস্টেই যেন সবটা স্পষ্ট করে দিয়েছেন ঐশ্বরিয়া। তাদের দাম্পত্য জীবন যে মজবুত, সেই বার্তাই যেন দিলেন রাই সুন্দরী।
এদিকে নিজের ব্লগে বিগ বি অমিতাভ বচ্চন লিখেছেন, ‘অভিষেক ও ঐশ্বরিয়ার বিবাহবার্ষিকীতে যারা শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে আমার
কৃতজ্ঞতা। ওরাও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর সবাইকে ধন্যবাদ জানিয়েছে।’ যদিও শ্বেতা বচ্চন বা তার মেয়ে নভ্যা নভেলির সোশ্যালে এখনো পর্যন্ত অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবার্ষিকীর কোনো পোস্ট নেই। উল্লেখ্য, ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া। তার পর থেকে অভিনেত্রী হওয়ার পাশাপাশি ‘বচ্চন বধূ’ হিসেবেও পরিচিতি পান তিনি। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন তাদের। অভিষেকের সঙ্গে বিয়ের পর বলিপাড়ার এমন কোনো অনুষ্ঠান দেখা যায়নি, যেখানে ঐশ্বরিয়া একা উপস্থিত ছিলেন।