প্রকল্পের ৪ কোটি টাকা গায়েব ১০ জনের বিরুদ্ধে মামলা

সাভারের ফাইলেরিয়া হাসপাতাল প্রকল্পের ৪ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প পরিচালক, ঠিকাদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান রাকাব ট্রেড করপোরেশনের মালিক মো. হাবিবুর রহমান, তার স্ত্রী নাসিমা আক্তার, প্রকল্প পরিচালক এ এন এম রোকনুদ্দিন, প্রাক্তন প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, আইএসিআইবির প্রাক্তন নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. সাব্বির ইমাম, সারা ট্রেড করপোরেশন ও উপকূল ট্রেডার্সের মালিক হেলালউদ্দিন, জীবন আফরোজ এন্টারপ্রাইজের মালিক কাজী বোরহান সাদেক মামুন, আইএসিআইবির সাবেক ম্যানেজার (অর্থ ও হিসাব) ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব খাজা আবদুল্লাহ আল ফুয়াদ এবং মেসার্স তাহিয়া এন্টারপ্রাইজের মালিক মো. জহিরুল হায়দার।

মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, সাভারের ফাইলেরিয়া হাসপাতাল নির্মাণ প্রকল্পের সাবেক পরিচালক এ এন এম রোকনুদ্দিন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, সদস্য সচিব মো. সাব্বির ইমামসহ অন্যরা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকাব ট্রেড করপোরেশনের মালিক মো. হাবিবুর রহমান ও তার স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে যোগসাজশ করে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে কার্যাদেশ নেন। কাজ পেতে মিথ্যা ও ভুয়া ট্রেড লাইসেন্স, ভুয়া ব্যাংক সলভেন্সি সনদ, ভুয়া পে-অর্ডার, ভুয়া কাজের অভিজ্ঞতার সনদ দাখিল করেছিলেন।

এজাহার সূত্রে জানা যায়, টেন্ডারের স্পেসিফিকেশন মোতাবেক কাজ না করে, অসমাপ্ত কাজ সমাপ্ত না করে হাসপাতাল কর্র্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর না করে আসামিরা সব বিল তুলে নিয়েছেন। তারা ২ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৩৭৫ টাকা আত্মসাৎ করেন এবং অবৈধভাবে আরও ৫টি আইটেমের মালামাল সরবরাহের কার্যাদেশ নিয়েও হাসপাতালে কোনো মাল সরবরাহ না দিয়ে ১ কোটি ২২ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকাসহ ৪ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকার বিল তুলে আত্মসাৎ করেন। দুদকের অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, ফাইলেরিয়াসিস বা গোদ রোগে আক্রান্ত সাধারণ মানুষের যথাযথ চিকিৎসার স্বপ্ন নিয়ে ১৯৯৫ সালে নীলফামারীর সৈয়দপুরে যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম ফাইলেরিয়া হাসপাতালের। এই রোগের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেনের স্বপ্ন ছিল স্বল্প খরচে গরিব ও অসহায় মানুষকে সঠিক চিকিৎসা দেওয়া। সেই লক্ষ্যে সৈয়দপুরের পর রাজধানীর কাছে সাভারে আরও একটি বিশেষায়িত ফাইলেরিয়া হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেন তিনি।

সাভারের জিনজিরায় ৬৭ শতাংশ জমির ওপর প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের ৩৫ শতাংশ কাজ করেই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকাব ট্রেড করপোরেশনের মালিক হাবিবুর রহমান কাজ ফেলে চলে যান এবং অদৃশ্য ক্ষমতার বলে হাতিয়ে নিয়েছেন প্রকল্পের পুরো টাকা। যতটুকু কাজ হয়েছে তাতেও গলদ রয়েছে। খুব নিম্নমানের কাজ হওয়ায় বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দিয়েছে। স্যানিটারি, ইলেকট্রিক্যাল দ্রব্য ও আসবাবপত্রের কাজও হয়েছে নিম্নমানের।