মৃত্যুদন্ডপ্রাপ্ত মিন্নির জামিন ও আপিল শুনানির আবেদন

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির জামিনের আবেদন ও আপিলের ওপর শুনানি করতে হাইকোর্টে আবেদন করা হয়েছে। মিন্নির পক্ষে গতকাল রবিবার তার আইনজীবী মো. শাহীনুজ্জামান শাহীন হাইকোর্টের একটি বেঞ্চে এ বিষয়ে আবেদন (মেনশন স্লিপ) জমা দিয়েছেন।

অ্যাডভোকেট শাহীন দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত অনুমতি দিলে আবেদনটি কার্যতালিকায় আসবে। তবে, সেটি কত দিনে হতে পারে সে বিষয়টি আদালতের ওপর নির্ভর করবে।’

এর আগে ২০২২ সালের অক্টোবরে মিন্নির জামিনের আবেদন করা হয়। গত বছরের ১১ জানুয়ারি বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে গঠিত দ্বৈত বেঞ্চে মিন্নির জামিনের আবেদনটি উপস্থাপনা করা হলেও আদালত তা শুনতে অপারগতা প্রকাশ করে। আবেদনটি কার্যতালিকা থেকে বাতিলের আদেশ দেয় আদালত। বিচারিক আদালতে মিন্নির ফাঁসির রায়ের পর ২০২০ সালের নভেম্বরে মিন্নির পক্ষে ৪৫১ পৃষ্ঠার আবেদনে ২০টি যুক্তিতে আপিল করা হয়।

স্ত্রী মিন্নির সামনে ২০১৯ সালের ২৬ জুন দুপুরে বরগুনা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। কোপানোর ঘটনার একটি লোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।