শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল দাবিতে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিতে ‘শিক্ষার্থী কল্যাণ ফি’ বাবদ এককালীন ছয় হাজার টাকা ফি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা ফি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

জাহিদুল ইমন নামে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত অধিকাংশ শিক্ষার্থীই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের। শিক্ষার্থী কল্যাণ ফি বাবদ এই ছয় হাজার টাকা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। প্রশাসনের এমন অবিবেচক সিদ্ধান্ত মোটেও শিক্ষাবান্ধব নয়।’