'দ্বিতীয় সারির' নিউজিল্যান্ডের কাছে হার বাবরের পাকিস্তানের

বৃষ্টিতে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গেছে। দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দাপুটে জয় তুলে নেয় স্বাগতিক পাকিস্তান। তবে সিরিজে ফিরতে সময় নেয়নি কিউইরা। তৃতীয় ম্যাচে পাকিস্তানকে সহজে হারিয়ে সিরিজ সমতায় ফিরল নিউজিল্যান্ড। 

রবিবার তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাবরের দল। জবাব দিতে নেমে চ্যাম্পম্যানের ঝোড়ো ইনিংসের উপর ভর করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইদের দ্বিতীয় সারির দলটি।

রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে পাকিস্তান। বাবর ও আইয়ুবের ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। ২২ বলে ৩২ রান করে ফেরেন আইয়ুব। এরপর রিজওয়ানকে নিয়ে এগোতে থাকেন পাকিস্তানের অধিনায়ক। তবে ৩৭ রান করে ব্রেসওয়েলের শিকার হন বাবর। 

রিটাইয়ার্ড হার্ট হয়ে ২২ রান করে ফেরেন রিজওয়ান। শেষ দিকে ইরফান খানের ৩০ ও শাদাব খানের ২০ বলে ৪১ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রানের পুঁজি পায় পাকিস্তান। কিউইদের হয়ে দুই উইকেট পেয়েছেন ইশ সোধি। 

জবাব দিতে নেমে নিউজিল্যান্ডরাও ভালো শুরু পায়। ওপেনিং জুটি থেকে আসে ৪২ রান। তবে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পরে সফরকারীরা। ৫৩ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন ডিন ফক্সক্রফট ও মার্ক চ্যাম্পম্যান। দুইজন মিলে গড়েন ১১৭ রানের জুটি। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় কিউইদের। ফক্সক্রফট ৩১ রানে ফিরলেও, চ্যাম্পম্যান ৪২ বলে ৮৭ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের হয়ে ২৭ রানে ২ উইকেট পেয়েছেন আব্বাস আফ্রিদি। এক উইকেট পেয়েছেন নাসিম শাহ। আগামী ২৫ এপ্রিল সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।