ইসরায়েলি হামলায় নিহত মায়ের গর্ভ থেকে জীবিত শিশুর জন্ম

দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত এক ফিলিস্তিনি মায়ের গর্ভ থেকে জীবিত অবস্থায় এক মেয়ে শিশুর জন্ম হয়েছে।

শনিবার রাতে গাজার রাফায় ভয়াবহ হামলায় ওই নারীসহ ১৯ ফিলিস্তিনি নিহত হন।

তবে মা মারা গেলেও ভাগ্যক্রমে এই শিশু মায়ের গর্ভ থেকে জীবিত জন্ম নেয়। শিশুটির ওজন ১.৪ কেজি। সে এখন সুস্থ আছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ। খবর আল জাজিরা।

বর্তমানে মোহাম্মদ সালামা নামের এক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটিকে জরুরিভাবে সিজারের মাধ্যমে তার মায়ের পেট থেকে বের করা হয়। তার মা মৃত্যুর সময় ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন।

বাকি শিশুদের সাথে তাকে এখন হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়েছে। তার কোমরে একটি টেপ বেধে রাখা হয়েছে। এতে লেখা রয়েছে ‘শহীদ সাবরিন আল-সাকানির সন্তান।’

নিহত ওই নারীর পেট থেকে জন্ম নেওয়া শিশুটির পুরো পরিবার ইসরায়েলি হামলায় নিশ্চিহ্ন হয়ে গেছে। শিশুটির বাবা ও বোনও ওই হামলায় নিহত হয়েছে। ফলে এতিম অবস্থাতেই জন্ম হয়েছে তার।

শিশুটির চাচা রামি আল-শেখ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ‘হামলায় নিহত হওয়া তার বোন মালাক শিশুটির নাম রাখতে চেয়েছিল রুহ। যার বাংলা অর্থ আত্মা।‘

তিনি আরও বলেছেন, “পৃথিবীতে বোন আসছে এজন্য খুব খুশি ছিল মালাক।”

চিকিৎসক জানিয়েছেন, ‘শিশুটি হাসপাতালে তিন থেকে চার সপ্তাহ থাকবে। এরপর কোনও আত্মীয়ের কাছে সে যাবে সেটি দেখা হবে।‘

 গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।