সংখ্যালঘু নিয়ে মোদির যে মন্তব্যে ভারত জুড়ে চলছে বিতর্ক

‘কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ শুধু সং‌খ্যালঘুদের মধ্যে বণ্টন করবে’  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন মন্তব্যে দেশটিতে বিরোধীদের মধ্যে চলছে বিতর্ক।

কংগ্রেসের দাবি, লোকসভা ভোটের প্রচারে এই প্রথম সরাসরি সংখ্যালঘুদের নাম করে আক্রমণ করলেন মোদী। হতাশা থেকেই মোদী এ পথে এগিয়েছেন বলে দাবি তাদের। বিরোধীদের মতে, নির্বাচন কমিশন আর জীবিত নেই। তা আরও দুর্ভাগ্যজনক।

সম্প্রতি হায়দরাবাদে রাহুল গান্ধী দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় এলে কেনো শ্রেণির হাতে কত সম্পদ আছে তা জানতে সমীক্ষা করা হবে।

আজ সোমবার রাজস্থানের বাঁশোয়াড়ার এক জনসভায় রাহুলের মন্তব্যের প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘মনমোহন সিংহজির সরকার ক্ষমতায় থাকার সময়েই জানিয়েছিল দেশের সম্পদে সবচেয়ে আগে মুসলিমদের অধিকার আছে। এ বার তারা বলছে, ক্ষমতায় এলে আপনাদের রোজগারের অর্থ মুসলিম, অনুপ্রবেশকারীদের মধ্যে বণ্টন করবে।’

রাহুল গান্ধীর বক্তব্য, ‘প্রথম দফার (লোকসভা ভোটের) হতাশার পরে নরেন্দ্র মোদীর মিথ্যার স্তর এমন পর্যায়ে নেমেছে যে ভয়ে তিনি বিষয় থেকে মানুষের নজর ঘোরাতে চাইছেন। কংগ্রেসের বিপ্লবী ইশতেহারে যে বিপুল জনসমর্থন পাচ্ছে তা বোঝা যাচ্ছে।’ সেই সঙ্গে মনমোহন সিংহের পুরনো ভিডিও পোস্ট করে কংগ্রেসের দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রী মুসলিম সংখ্যালঘুদের ক্ষমতায়নের কথা বলেছিলেন।

সূত্র: আনন্দবাজার।