পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের আর্থিক দুর্ণীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন আজ সোমবার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গতকাল রবিবার বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের আর্থিক অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। দুদক চেয়ারম্যান, সচিবসহ চার জনকে রিটে বিবাদী করা হয়েছে।
চলতি সপ্তাহে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী মনোজ কুমার ভৌমিক।