যুবদলের চলমান কমিটিকে ব্যর্থ, অকার্যকর ও নিষ্ক্রিয় অভিযোগ করে তা ভেঙ্গে নতুন কমিটির দেওয়ার দাবিতে মিছিল করেছে যুবদল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা। আজ বেলা ১২টায় নয়াপল্টনস্থ চায়না টাউন মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
বক্তব্যে নেতারা বলেন, ২৫০ সদস্যের যুবদলের কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয়, পলায়নোন্মুখদের দিয়ে কমিটি করা হয়েছিল। ফলশ্রুতিতে সরকার পতনের একদফা আন্দোলনে গুটিকয়েক বাদে অধিকাংশ যুবদল নেতাদের রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন সময়ে অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছে।
বক্তারা আরও দাবি করেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। নির্বাহী কমিটির কোন সভা ডাকলে সেখানে অধিকাংশ নেতাইই উপস্থিত হন না। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে জেলা উপজেলা লেভেলে নিষ্ক্রিয়তা, আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলেও তার কোন বিচার হচ্ছে না। এককথায় বর্তমান যুবদলের কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এমতাবস্থায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করা সময়ের দাবি।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সদস্য সৈয়দ আবেদীন প্রিন্স, আহসানুল্লাহ তুষার প্রমুখ।