পুলিশের অনুমতি না পাওয়ায় আ. লীগের সমাবেশ স্থগিত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ। আজ সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর থেকে বলা হয়, ‘২৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ করার বিষয়ে পুলিশ অনুমতি দেয়নি। যার কারণে সমাবেশ আপাতত স্থগিত থাকবে।’

আগামী শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ৩টায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। সমাবেশের প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা ছিল। শান্তি ও উন্নয়ন সমাবেশের সভাপতিত্ব করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফির।