ভিএআর ভুল প্রমাণ হলে ফের ম্যাচ খেলার দাবি লাপোর্তার

এল ক্লাসিকোতে রবিবার রাতে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনাকে। রিয়ালের জয়ের চেয়ে বেশি আলোচনায় ম্যাচের ২৮ মিনিটে ঘটা একটি ঘটনা।

খেলায় তখন ১-১ সমতা। ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। কর্নার থেকে আসা বলে লামিন ইয়ামালের ব্যাক ফ্লিক গোল লাইন থেকে ঠেকান রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন। রেফারি গোলের বাঁশি না বাজালেও গোলের জন্য আবেদন করতে থাকেন বার্সার খেলোয়াড়রা।

কিন্তু লা লিগায় গোল লাইন প্রযুক্তি নেই। তাই ভিএআর দেখে বল গোল লাইন অতিক্রম করেনি বলে সিদ্ধান্ত দেন রেফারি।

বার্সেলোনা ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা বলছেন, ভিএআর এ নেওয়া সিদ্ধান্ত যদি ভুল প্রমাণিত হয়, তবে আবারও রিয়াল-বার্সেলোনা ম্যাচটি খেলা উচিত।

লাপোর্তা বলেন, 'এই ম্যাচে (এল ক্লাসিকো) বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তবে সবচেয়ে বেশি গুরুত্বতর যেটি ম্যাচের ফল পাল্টে দিতে পারতো। আমি লামিন ইয়ামালের ‘ভৌতিক গোল’ এর কথা বলছি। ক্লাব হিসেবে আমরা নিশ্চিত হতে চাই কী ঘটেছিল। এ কারণে আমরা অবিলম্বে ঘটনাটির ফুটেজ ও অডিওর সংগ্রহের জন্য অনুরোধ করব।'

লাপোর্তা এরপরই বলেছেন আবারও ম্যাচ খেলানোর কথা। 'যদি এটি (ঘটনা) বিশ্লেষণ করে ক্লাব বুঝতে পারে ভিএআর মূল্যায়নে ত্রুটি ছিল, আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। যদি নিশ্চিত হওয়া যায় যে গোলটি সঠিক ছিল, আমরা আবারও ম্যাচটি খেলতে অনুরোধ করবো। যেমনটি ভিএআর ত্রুটির কারণে একটি ইউরোপিয়ান ম্যাচে ঘটেছে।'

এর আগে গেল ডিসেম্বরে বেলজিয়ান প্রো লিগে আন্ডারলেখট ও হেঙ্কের খেলায় ভিএআর সিদ্ধান্তে ভুল ধরা পড়ার ফলে আবারও ম্যাচটি খেলা হয়।