ইরাক থেকে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলা

ইরাকের উত্তরাঞ্চলের শহর থেকে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এই হামলায় কমপক্ষে পাঁচটি রকেট আছড়ে পড়ে ওই ঘাঁটিতে। গত রবিবার ইরাক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

গাজায় ইসরায়েলি সেনা অভিযানের বর্বরতার মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইরাক ও সিরিয়ায় মার্কিন লক্ষ্যবস্তুগুলো অনেকবারই হামলার মুখে পড়েছে। মাঝে এসব হামলা কার্যত বন্ধই ছিল। কিন্তু ইরান-ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আবারও এই ধরনের হামলা হলো। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করে ফিরে আসার পরই এই হামলা হলো।

একজন মার্কিন কর্মকর্তা জানান, সিরিয়ার রুমালিনে ঘাঁটির সেনাদের দিকে পাঁচটিরও বেশি রকেট ছোড়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি এবং এটি একটি নিষ্ফল হামলা।

ইরাকভিত্তিক কাতাইব হিজবুল্লাহ জানায়, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কার্যক্রম বন্ধ করা নিয়ে আলোচনায় তেমন অগ্রগতি না হওয়ায় প্রায় তিন মাস বিরতির পর অস্ত্রধারী গোষ্ঠীগুলো আবারও হামলার সিদ্ধান্ত নিয়েছে।