কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সুধাংশু বর্মনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল সোমবার (২২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।গ্রেপ্তার স্বামী রাজারহাট উপজেলার পোদ্দারপাড়া এলাকার খোকারাম বর্মনের ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত স্বামী শ্রী সুধাংশু স্ত্রী গায়েত্রী রানী ওরফে বাতাসীকে (৪০) হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করে। পরে রবিবার সকালের দিকে গায়েত্রী রানী ওরফে বাতাসী মারা যায়। ঘটনার পরেই নিহতের বাবা শ্রী দেবেন্দ্র নাথ বর্মন রবিবার বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সেই মামলার রাজারহাট থানার এসআই নিরঞ্জন রায়ের নেতৃত্বে ওই দিন পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পলাতক সুধাংশু বর্মনকে রাজারহাট থানার সিংগের ডাবরী এলাকা থেকে গ্রেপ্তার করে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, থানায় হত্যা মামলা দায়েরের আড়াই ঘণ্টার মধ্যে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। গতকাল সোমবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।মামলাটি তদন্তাধীন।