লঞ্চের ছাদে উঠতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বন্ধুদের সাথে বসে আড্ডা দিতে লঞ্চের ছাদে উঠতে গিয়ে পানিতে পড়ে আল ইসলাম নিবির (৩০) নামে জার্মান প্রবাসী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভৈরববাজার লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে।

আল ইসলাম ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আলাউদ্দিনের ছেলে। তার বাড়ি শহরের চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায়। তিনি দেড় বছর আগে উচ্চতর ডিগ্রি অর্জনে স্কলারশিপ নিয়ে জার্মান পাড়ি জমান। ঈদের দুদিন আগে ছুটিতে বাড়ি আসেন তিনি।

ঘটনার খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিট, ফায়ার সার্ভিস ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ ভিড় জমায় তার বাড়িতে।

ভৈরব নৌ পুলিশ ইউনিটের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, রাত ৮টা ৪০মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।