জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ১৭ জনকে ডেকেছে বিসিবি। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল হবে এই প্রস্তুতি ক্যাম্প।
ক্যাম্পে রাখা হয়নি পেসার মোস্তাফিজুর রহমান এবং সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি।
বিশ্বকাপ থেকে আঙুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ছুটিতে থাকায় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলেননি তিনি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি-টোয়েন্টিতে খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচে।
শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা মোহাম্মদ নাঈম, এনামুল হক, তাইজুল ইসলামকে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়নি। তালিকায় আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, ব্যাটসম্যান আফিফ হোসেন ও সাইফউদ্দিন। অলরাউন্ডার সাইফউদ্দিন জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২২ সালের অক্টোবরে। তবে তানভীর ও আফিফ ছিলেন সর্বশেষ নিউজিল্যান্ড সফরে, এরপর বাদ পড়েন শ্রীলঙ্কা সিরিজের দল থেকে।
ক্যাম্পে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরিসহ সবচেয়ে বেশি ৫৮৫ রান তার। জাতীয় দলের হয়ে ২০২২ সালে একটি টি-টোয়েন্টি খেলার পর গত এশিয়ান গেমসে বাংলাদেশ দলে ছিলেন ইমন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে ৩ মে।
প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা-
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।