তীব্র দাবদাহ এড়াতে সারাদেশের সরকারি বেসরকারী সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকলেও সরকারি নির্দেশনা অমান্য করে পটুয়াখালীর দুমকিতে পাঙ্গাশিয়া এবিএন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আবদুস সালাম দাখিল মাদ্রাসা খোলা রেখে নিয়মিত ক্লাস কার্যক্রম চলছে। প্রতিষ্ঠান দু’টি খোলা রেখে নিয়মিত ক্লাস চালাতে বাধ্য করার অভিযোগ কর্মরত শিক্ষকদের।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাঙ্গাশিয়া আবদুস সালাম দাখিল মাদ্রাসা ও এবিএন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সরেজমিন পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠান দু’টি খোলা এবং ক্লাস কার্যক্রম করতে দেখা গেছে। শ্রেণিকক্ষে পাঠদানের ছবি ও ভিডিও তুলতে চাইলে শ্রেণি শিক্ষক দ্রুত কক্ষ ত্যাগ করে অফিস কক্ষে আশ্রয় নেন। তবে শিক্ষকরা প্রতিষ্ঠান ছুটি দিয়ে কোচিং ক্লাস করছেন বলে দাবি করেছেন।
এবিএন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, সরকারি নির্দেশে ছুটি দেয়া হলেও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য কোচিং করানো হচ্ছে। কোচিং বন্ধ প্রশ্নের জবাবে ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশেই কোচিং করাচ্ছেন বলে জানিয়েছেন। আবদুস সালাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জাহাঙ্গীর আলম একই কথা বলেছেন।
ক্লাস খোলা রাখতে শিক্ষকদের বাধ্য করা প্রশ্নের জবাবে ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুস সালাম বলেন, সরকারি নির্দেশনায় প্রতিষ্ঠান ছুটি থাকলেও ভালো ফলাফলের জন্য দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের সকাল ৭টা থেকে ৯টা/১০টা পর্যন্ত কোচিং ক্লাস চালাচ্ছি। আপনাদের যা করার তা আপনারা করতে পারেন।
দুটি শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন বলেন, সরকারি নির্দেশনা অগ্রাহ্য করে স্কুল-মাদ্রাসা খোলা রাখার বিষয়টি আমার জানা নেই। অভিযোগটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আপনারাও রিপোর্ট করে দেন।
দুমকি উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শাহীন মাহমুদ বলেন, অভিযোগ শুনেছি। তথ্যদাতাকে ভিডিও ক্লিপটি দিতে বলেছি। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।