উপজেলা নির্বাচনে বিনা ভোটে নির্বাচিত ২৬ প্রার্থী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ইসি থেকে এ তথ্য জানা গেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান, দিনাজপুরের হাকিমপুর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান, গাইবান্ধার সাঘাটা উপজেলা চেয়ারম্যান, পাবনার বেড়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান, নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান, কুষ্টিয়া সদরের নারী ভাইস চেয়ারম্যান, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নারী ভাইস চেয়ারম্যান, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ভাইস চেয়ারম্যান, কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ও রাঙ্গামাটির কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান বিনাভোটে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বাগেরহাট সদর উপজেলার তিনটি পদ, মুন্সিগঞ্জ সদর উপজেলার তিনটি পদ, মাদারীপুরের শিবচর উপজেলার তিনটি পদ ও ফেনীর পরশুরাম উপজেলার তিনটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৯৬টিসহ মোট ১ হাজার ৮৯১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বি না থাকায় তাদের মধ্যে ৭ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান, ১০ জন নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।