ফেডারেশন কাপে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল প্রতিযোগিতায় সর্বশেষ শিরোপা জিতেছিল ২০১৫ সালে। এরপর আর ফাইনালেই উঠতে পারেনি। এবারো পারলোনা। বাংলাদেশ পুলিশের কাছে কোয়ার্টার ফাইনালে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে ধানমন্ডির ক্লাবটি।
গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়ামে পুলিশ ম্যাচটা শেষ করে দিয়েছে আসলে ২৩ মিনিটের মধ্যেই। এই সময়ের মধ্যে করা তিন গোল ধরে রেখে বাকি সময়টা কাটিয়ে দিয়েছে তারা। মোহামেডান স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা কিংসের পর ফেডারেশন কাপের শেষ চার নিশ্চিত করল পুলিশ। ৭ মে শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সেমিফাইনাল খেলবে তারা। আগামী মঙ্গলবার ঢাকা আবাহনী ও ফর্টিস এফসির চতুর্থ কোয়ার্টার ফাইনালে পাওয়া যাবে সেমিফাইনালের চতুর্থ ও শেষ দলকে। জয়ী দল খেলবে বসুন্ধরা কিংসের সঙ্গে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পুলিশের চমক দেখানোর শুরু দ্বিতীয় মিনিটে। মোহাম্মদ মিঠুর ফ্রি কিক থেকে ফ্লিক হেডে লক্ষ্যভেদ করেন উজেবেকিস্তানের মিডফিল্ডার জাভোখির শখিবোভ। অনেকটা লাফিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম।
অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। বডি ডজে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বেরিয়ে যান এদুয়ার্দ মোরিও। ভেনেজুয়েলার এই ফরোয়ার্ড দূরূহ কোণ থেকে শট না নিয়ে গোলমুখে বাড়ান আড়াআড়ি ক্রস; নিখুঁত টোকায় বাকি কাজটুকু সারেন সৈয়দ শাহ কাজেম কিরমানি। গ্রুপপর্বে ২-২ গোলের ড্র ম্যাচেও শেখ জামালের জালের দেখা পেয়েছিলেন এই ফরোয়ার্ড।
২৩ মিনিটে আরও কোণঠাসা হয়ে পড়ে শেখ জামাল। ফ্রি কিক ক্লিয়ার করতে পারেননি দলটির ডিফেন্ডাররা। বল পেয়ে যান আজমত আব্দুল্লায়েভ। দ্রুত টোকায় লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের এই ডিফেন্ডার।
বিরতির পর সময় গড়ানোর সঙ্গে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে শেখ জামাল। কিন্তু গোলের দিশা পায়নি। ৭৯ মিনিটে আবু তোরের ফ্রি কিক যায় দূরের পোস্ট ঘেঁষে বাইরে। একটু পর জায়েদ আহমেদের ফ্লিকের ঠিকানা হয় বাইরে। ৮৪ মিনিটে শেখ জামালের হতাশা আরও বাড়ে; তোরের ফ্রি কিক ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়। যোগ করা সময়ে তোরে ছোট বক্সের ভেতর থেকে টোকা দিয়েছিলেন বটে, কিন্তু ক্লিয়ার করেন আখরোরবেক উকতামোভ।