সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের মারধরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমিনা খাতুন (৫৬) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাই আইনুদ্দিনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আমিনা খাতুন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া শোভাপুর মহল্লার আরাফাত আলী বেপারির স্ত্রী। অন্যদিকে গ্রেপ্তারকৃত আইনুদ্দিন (৫০) একই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
নিহতের ছেলে বিল্লাল হোসেন বলেন, আমাদের বাড়ির পাশেই একটি ড্রেন রয়েছে। সেই ড্রেনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার আমার মামা আইনুদ্দিন বাড়িতে এসে মাকে বকাঝকা শুরু করেন। পরে মামা বাড়ির গেটের বাইরে গেলে মা গেট লাগিয়ে দেন। এতে উত্তেজিত হয়ে মামা পাশের বাড়ি থেকে পেয়ারা গাছের ডাল নিয়ে এসে মাকে এলোপাতাড়িভাবে মারধর করে চলে যান। পরে শুক্রবার সকালে মারধরের কারণে মায়ের শরীরের অবস্থা খারাপ হওয়ায় প্রথমে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করি। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শনিবার সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে মা মারা গেছেন। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মারধরের ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনায় জড়িত নিহতের ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।