ঢাকা লিগ খেলে পরে জিম্বাবুয়ে সিরিজে খেলবেন সাকিব!

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে শুরু ৫ টি-টোয়েন্টির সিরিজের শুরুর তিনটা ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান, এমনটাই আভাষ দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রধান নির্বাচক জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের শুরুর দিকে সাকিবকে দলে পাবার সম্ভাবনা কম। প্রথম ম্যাচে থাকবেন না মোস্তাফিজুর রহমানও।

মঙ্গলবার দুপুরে একটি বার্তার মাধ্যমে জিম্বাবুয়ে সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য বাছাই করা ১৭ ক্রিকেটারের নাম জানায় বিসিবি। ২৬-২৮ এপ্রিল চটগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে যাওয়া এই ক্যাম্পের জন্য বাছাই করা  খেলোয়াড়দের ভেতর মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের নাম নেই। এই প্রসঙ্গে প্রধান নির্বাচক জানিয়েছেন, 'তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে যে এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং একটা সম্ভাবনা আছে যে ঢাকা প্রিমিয়ার লিগে একটা দুটো ম্যাচে খেলবেন। তারপর আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি। তারপর কিছু তো ক্রিকেটিং স্কিলের অনুশীলনের সুযোগ থাকবে, তিনি যেভাবে চান, টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়। তারপরে আমরা চাইব যেহেতু ৫টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান।' 

মে মাসের ৩, ৫ ও ৭ তারিখে চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ হবে, ঢাকায় বাকি দুটো ম্যাচ ১০ এবং ১২ মে। সাকিব চট্টগ্রাম পর্বে থাকছেন না এমনটাই আভাষ দিয়েছেন লিপু, 'আমরা দলটা ২৮ তারিখে দিব, তখনি আপনারা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে তিনি (সাকিব) কয় ম্যাচের জন্য অ্যাভেইলেবল থাকছেন এবং কয়টার জন্য অ্যাভেইলেবল থাকছেন না।'

চোখের সমস্যা নিয়ে ভারতে ২০২৩ বিশ্বকাপের কয়েকটি ম্যাচ খেলেন সাকিব। বৈশ্বিক ওই আসরে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেলে শেষ ম্যাচ থেকে ছিটকে যান তিনি। পরে বিপিএল দিয়ে মাঠে ফেরেন তিনি। কিন্তু টুর্নামেন্টের শুরুর দিকে চোখের অস্বস্তিতে ব্যাটিংয়ে ভোগান্তিতে পড়তে হয়ে রংপুর রাইডার্সের তারকা ক্রিকেটারকে। 

বিপিএল শেষে শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের সিরিজ থেকেই শুরুতে বিরতি চেয়ে নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে তখন শেখ জামালের হয়ে প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ খেলেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। পরে পরিস্থিতির পালাবদলে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলেন সাকিব। ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৫১ রানের সঙ্গে বোলিংয়ে নেন ৪ উইকেট। এরপর থেকে ক্রিকেটের বাইরে তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান যুক্তরাষ্ট্রে।

মোস্তাফিজুর রহমানকেও প্রথম ম্যাচে একাদশের বাইরেই দেখছেন লিপু। আইপিএল খেলার জন্য মোস্তাফিজের ছাড়পত্র ১ মে পর্যন্ত। প্রধান নির্বাচক বলেছেন, 'আমার মনে হয় অন্তত প্রথম ম্যাচে আমরা তাকে পাচ্ছি না। কারণ তিনি আসবেন, এরপর আমাদের মেডিক্যাল টিমের একটা স্ক্রিনিং প্রসেস এর মধ্য দিয়ে তাকে যেতে হবে। এরপর তার সঙ্গে আমাদের কথা হবে, আমরা  বুঝে নেয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস তিনি হয়তো প্রথম ম্যাচে অ্যাভেইলেবল থাকবেন না।'