বগুড়ায় শাসন করার সময় ব্যাগে থাকা চাকুর আঘাতে রাহিমনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাহিমনি ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত পিতা আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কাহালু থানার ইন্সপেক্টর(তদন্ত) আশরাফুল ইসলাম।
কাহালু থানা পুলিশ সূত্রে জানা যায়, সাগাটিয়া গ্রামের আব্দুর রহিম বিভিন্ন পুকুরে নেট দিয়ে ঘিরে দেওয়ার কাজ করতো। এজন্য কাজে যাওয়ার সময় তিনি ব্যাগে একটি ধারালো চাকু রাখেন। মঙ্গলবার সকালে পড়াশোনা না করার কারণে আব্দুর রহিম তার মেয়ে রাহিমনিকে শাসন করেন।
এ সময় রাগের মাথায় চাকু নেই ভেবে ওই ব্যাগ দিয়ে রাহিমুনিকে আঘাত করেন। তখন ওই ব্যাগে থাকা ধারালো চাকু রাহিমনির পেটে ঢুকে যায়। পরে তাকে প্রথমে কাহালু হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কাহালু থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আব্দুর রহিমকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।