চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা খুলনার ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার (২৩ এপ্রিল) দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার তেরখাদা, ফুলতলা ও দিঘলিয়া উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়।
তিনি ছাড়াও ঋণ খেলাপির দায়ে তেরখাদা উপজেলার ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বাবুল মিনার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। তবে তারা প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।
খুলনার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২১ এপ্রিল খুলনার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফুলতলা উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন।