কুমিল্লায় শারীরিক প্রতিবন্ধীকে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লার চান্দিনায় শারীরিক প্রতিবন্ধীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মুকবুল হোসেন নামের এক রংমিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এ রায় দেন। হত্যার শিকার শারীরিক প্রতিবন্ধীর নাম গুলশান আরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুকবুল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যায় চা আনার জন্য দোকানে গিয়ে বাড়িতে ফিরে না আসায় শারীরিক প্রতিবন্ধী গুলশান আরাকে (২৫) তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেন। একপর্যায়ে পাশের বাড়ির ধৈঞ্চা খেতে গুলশানের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আরও জানা যায়, শারীরিক প্রতিবন্ধী গুলশান আরা আর আসামি মো. মুকবুল হোসেন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পারিবারিকভাবে স্বীকৃতির জন্য বিয়ের কথা বললে মো. মুকবুল হোসেন তা প্রত্যাখ্যান করেন। ঘটনার দিন গুলশান আরাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মো. শরীফ মিয়া (৬২) বাদী হয়ে মামলা করেন।