ফরিদপুরের মধুখালীতে সমাবেশে পুলিশের গুলিবর্ষণে বহু লোক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামি। মঙ্গলবার (২৩ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ নিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ১৮ এপ্রিল সন্ধ্যায় মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে কোনো তদন্ত-প্রমাণ ছাড়াই দুই মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। এই নির্মম ও বর্বরোচিত ঘটনার প্রতিবাদে মঙ্গলবার মধুখালীতে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়।
কিন্তু পুলিশ বিনা উসকানিতে শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালায়। এতে বহু লোক আহত হয়। পুলিশের এই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক, অমানবিক ও বর্বরোচিত।
তিনি আরও বলেন, ১৮ এপ্রিল যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি। হতাহতদের পরিবার-পরিজনকে জানাচ্ছি গভীর সমবেদনা। একইসঙ্গে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।