শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক সিনেমায় অভিনয় করেন অপু বিশ্বাস। একসঙ্গে ৭৫টির মতো সিনেমায় জুটি বেঁধেছেন তারা, যা রীতিমতো রেকর্ড। এরপর প্রেম, বিয়ে, সন্তান এবং সবশেষে বিচ্ছেদের পথেও হাঁটেন। শাকিব খান সিনেমায় নিয়মিত থাকলেও মাঝে অনিয়মিত হয়ে পড়েন অপু বিশ্বাস।
তবে দীর্ঘ সময় পর সিনেমায় ফিরলেও সেভাবে আর তাকে পর্দায় পাওয়া যায়নি। আর গেলেও দর্শক তাকে আর আগের মতো পর্দায় গ্রহণ করেনি। বিরতি কাটিয়ে ফেরার পর এই নায়িকাকে সিনেমার চেয়ে নানা প্রমোশনাল কাজেই বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে।
সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেন। কিছুটা ক্ষুব্ধ হয়ে অপু বিশ্বাস বলেন, ‘এ বিষয়টা বারবার চলে আসে। আমার কথা হলো, অপু বিশ্বাস একশ সিনেমা অতিক্রম করার পরও বিষয়টা বারবার চলে আসে। আমার কথা হলো, অপু বিশ্বাস একশ সিনেমা ক্রস করার পরও কি সকালবেলায় এফডিসি, দুপুরবেলায় এফডিসি, রাতেরবেলা এফডিসিতে
থাকবে? আমি আমার ব্যক্তিত্ব, পজিশন, কর্মের জায়গাটা কখনোই সৃষ্টি করব না?
অবশ্যই আমি আমার প্রডাকশন হাউজ করেছি, ফেব্রুয়ারিতে আমার দুটি সিনেমা রিলিজ হয়েছে, ব্র্যান্ডিং চলছে। আমি বিভিন্ন কাজের সঙ্গে ব্যস্ত। সারা দিন সিনেমায় থাকার চেয়ে বড় কথা, আমার সন্তানও আছে। সন্তানের একটি পরিবার আছে, সেটাও মেইনটেইন করতে হবে। পরবর্তী সিনেমার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে। দর্শকরাও দেখছেন যে মানুষটার ব্যস্ততা আছে। যেমন আমার ব্যবসার কাজ আছে, অন্যান্য কাজ আছে। ওই জায়গা থেকে একটু অপেক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘চলচ্চিত্র খুবই ভালো জায়গায় যাচ্ছে। সেখানে গিয়ে কোনো একটা ব্যক্তিমানুষ বাধাগ্রস্ত হচ্ছে। ব্যক্তিগত বিষয়গুলো টেনে এনে। খুবই লজ্জাজনক।’