ঢাকায় গ্যাসলাইন পরীক্ষায় কমিটির নির্দেশ হাইকোর্টের

রাজধানীতে বাসাবাড়িতে ওয়াসার পয়ঃবর্জ্য ও গ্যাসলাইন পরীক্ষা-নিরীক্ষা করতে কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুজন প্রতিনিধি, তিতাসের একজন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন প্রতিনিধির সমন্বয়ে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে আদালত। কমিটিকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

ঢাকার সায়েন্স ল্যাবরেটরি ও সিদ্দিকবাজারে দুটি ভবনে বিস্ফোরণের ফলে মৃত্যুর ঘটনায় জনস্বার্থে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট আবেদন করে। আবেদনে ঢাকায় প্রতিটি বাড়িঘরে ওয়াসার সংযোজিত পয়ঃবর্জ্য নিষ্কাশন লাইন এবং তিতাসের গ্যাসলাইন যথাযথ আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।