মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩  বাংলাদেশি

মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয় কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। গতকাল মঙ্গলবার সকালে তারা মিয়ানমারের নৌ-জাহাজ চিন ডুইন সিতোয়ে বন্দর ত্যাগ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বুধবার জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছাবে এবং পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের নাগরিকদের হস্তান্তর করা হবে।

ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, সাতজন রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারীর একজন করে বাসিন্দা আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস মিয়ানমারের জাহাজটির বাংলাদেশ সফরের তথ্য পাওয়ার পরই কারাগারে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরে দূতাবাস।

এই কয়েক দিনের মধ্যে সর্বোচ্চসংখ্যক যাচাই করে বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও সহজে ফেরত পাঠানোর পরিকল্পনায় দূতাবাস মিয়ানমারের বিভিন্ন কারাগারে অবস্থানরত ১৪৪ (যাচাই করা বাংলাদেশি নাগরিক, যাদের কারাভোগের মেয়াদ পূর্ণ হয়েছে বা ক্ষমা পেয়েছেন) নাগরিককে সিতোয় কারাগারে আনতে উদ্যোগ নেয়।