আগামী শুক্রবার (২৬ এপ্রিল) ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য কঠোর বার্তা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘাড় ঘোরালেই ‘সাইলেন্ট এক্সপেল্ড’ (নীরব বহিষ্কার) করা হবে প্রার্থীদের।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার হলে দেখাদেখি না করেন ও কোনো ধরনের নিয়মের ব্যত্যয় না ঘটান, সে বিষয়ে আমরা সচেতন থাকব। এ ছাড়া নিয়মের ব্যত্যয় ঘটে বা ঘাড় ঘুরিয়ে দেখাদেখি করার মতো কাজ করলে সাইলেন্ট এক্সপেল্ড করা হবে। সাইলেন্ট এক্সপেল্ড মানে পরীক্ষার্থী নিজেও জানবেন না তিনি বহিষ্কৃত হয়েছেন।’
আগামী শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। এরপর পরীক্ষাকেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হবে।
৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।