ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা, নিহত ৫ অভিবাসী

ফ্রান্স থেকে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেলে পাড়ি দিতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় শিশুসহ পাঁচ অভিবাসীর মৃত্যু হয়েছে। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টার সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।

মঙ্গলবার যুক্তরাজ্যে নথিপত্রবিহীন অভিবাসীদের রুয়ান্ডায় নির্বাসনের বিল পাশের কয়েক ঘণ্টা পরই এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানায়, ১১২ জনকে বহনকারী নৌকাটি বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন অতিক্রম করতে ফরাসি বন্দর ক্যালাইসের প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত উইমেরেক্স থেকে রওনা হয়েছিল।

স্থানীয় প্রিফেক্ট জ্যাক বিল্যান্ট মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে অভিবাসীবোঝাই একটি নৌকায় দুর্ঘটনা ঘটেছে। মৃতদের একজন সাত বছর বয়সী মেয়ে শিশু, একজন নারী এবং তিনজন পুরুষ। আমরা পাঁচজনের মৃত্যুতে শোক প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘উপকূল থেকে কয়েকশ মিটার দূরে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকজন পানিতে পড়ে যায়।’

ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটিতে মোট ৫৮ জন আরোহী ছিলেন এবং তারা এখনও বেঁচে থাকা অন্যদের সন্ধান করছে।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা ৪৯ জনকে উদ্ধার করে এবং চারজনকে হাসপাতালে নিয়ে যায়। তবে অন্যরা নৌকায় করে যুক্তরাজ্যের পথে তাদের যাত্রা অব্যাহত রেখেছে।

বিল্যান্ট বলেন, ‘তারা (অভিবাসীরা) চায়নি তাদের উদ্ধার করা হোক। তারা নৌকার ইঞ্জিনটি পুনরায় চালু করতে সক্ষম হয় এবং পরে তারা ব্রিটেনের দিকে রওনা হয়।’

আল জাজিরা জানায়, চলতি বছর বর্তমান পর্যন্ত ৬ হাজারেরও বেশি অভিবাসী ছোট ও জনাকীর্ণ নৌকায় করে ব্রিটেনে পৌঁছেছেন। আর তাই অভিবাসীদের ঝুকিপূর্ণ ভ্রমণ বন্ধে নথিপত্রবিহীন অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডা পাঠাতে আইন পাস করেছে যুক্তরাজ্য।