শচিনকে নিয়ে পাইলট, ‘এই ধরনের মানুষেরাই আইকন’

‘মাঠ ও মাঠের বাইরে শচিন টেন্ডুলকার অতুলনীয় একজন। এই ধরনের মানুষেরাই সত্যিকারের আইকন।’

ভারতীয় কিংবদন্তির জন্মদিনে এভাবেই বলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। মাঠে প্রতিপক্ষ হিসেবে বেশ কবারই শচিনকে দেখেছেন পাইলট।

সেই অভিজ্ঞতা থেকে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘অন দ্য ফিল্ড সে প্রমাণ করেছে, সেরাদের সেরা সে। যারা তার খেলা দেখেছে, সবাই তার কাছাকাছি যেতে চাইতো, কিছু শিখতে চাইতো। অফ দ্য ফিল্ড তার যে ব্যবহার, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা, এগুলো দেখার মতো। যেটা আমরা বই থেকে শিখি।’

খেলোয়াড় শচিন কতটা মহান সেটা বলতে গিয়ে পাইলট বলেন, ‘শচিন কতটা হাইপ্রোফাইল মানুষ ছিলেন, সেটা তার বায়োগ্রাফি দেখলেই বোঝা যায়। শচিন টেন্ডুলকারকে নিয়ে বলার যেটা আছে, এই ধরনের মানুষেরাই আইকন। উদাহরণ হিসেবে তাদেরকেই ফলো করার মতো।’

পাইলট যোগ করেন, ‘মানুষ শচিনের কথা বলবো, তিনি অসাধারণ একজন। তার জন্মদিন সুন্দর কাটুক। তার দীর্ঘায়ু কামনা করি।’