শচিন টেন্ডুলকারের ৫১তম জন্মদিন আজ। তাকে সবাই চেনেন ক্রিকেট মাঠের তারকা হিসেবে। তার খেলোয়াড়ি জীবনের অনেক পরিসংখ্যান মুখস্থ অনেক ভক্তের। তবে খুব কম মানুষই জানেন যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আগে শচিন চলচ্চিত্রেও পা রেখেছিলেন।
১৯৮৫ সালের চলচ্চিত্র ‘কাভি আজনবি দ্য’-এ তিনি একজন তরুণ ক্রিকেটার হিসেবে ক্যামিও করেছিলেন। ছবিটি ক্রিকেটকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল। ঘটনাক্রমে ভারতের ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের দুই নায়ক - সন্দীপ পাতিল এবং সৈয়দ কিরমানিও অভিনয় করেছিলেন সেই ছবিতে।
ছবিটিতে সন্দীপ পাতিল একজন উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটার হিসেবে অভিনয় করেছিলেন। একটি দৃশ্যে তাকে একটি মাঠ পরিদর্শন করতে এবং সেখানে একগুচ্ছ তরুণ ক্রিকেটারদের অনুশীলন করাতেও দেখা গিয়েছে। এর মধ্যে একজন ছিলেন ১০ বছর বয়সী শচিন টেন্ডুলকার। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের কয়েক মাস পরে মুম্বাইয়ের আরসিএফ গ্রাউন্ডে দৃশ্যটি শ্যুট করা হয়েছিল।
কয়েক বছর পরে, শ্যুটিংয়ের কথা বলতে গিয়ে, পাতিল একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্রিকেট অনুশীলনের দৃশ্যের জন্য আমাদের ফিল্ম ইউনিটের ২১ জন বাচ্চার প্রয়োজন ছিল। কে ভেবেছিল যে এই ২১ টি অদ্ভুত বাচ্চাদের মধ্যে শচিন টেন্ডুলকর নামে এই বিশেষ বাচ্চাটি থাকবে। যার চোখে স্ফুলিঙ্গ এবং পায়ে বাউন্স থাকবে? একটি বিশেষ প্রতিভার সেই গুণ কোনো ভালো প্রশিক্ষকের কখনও চোখ এড়িয়ে যায় না কখনও। আমি তৎক্ষণাৎ দীপক মুরারকারকে জিজ্ঞেস করেছিলাম, এই বাচ্চাদের শ্যুটিংয়ের জন্য কে নিয়ে এসেছে? আর এই যুবকটিই বা কে? যেহেতু আমরা সবেমাত্র বিশ্বকাপ জয় করে ফিরেছি, বাচ্চারা আমার দিকে এমনভাবে তাকিয়ে ছিল যেন আমি বিশ্বকাপের ট্রফি। দীপক আমাকে বলেছিলেন যে এই যুবকের নাম শচিন টেন্ডুলকার। তাকে তৈরি করা হচ্ছে বলেও জানানো হয়েছিল। আমাকে ওর প্রশিক্ষণ দেখার জন্যও অনুরোধ করেছিলেন।’
বিজয় সিং পরিচালিত কাভি আজনবি ছবিতে আরও অভিনয় করেছেন পুনম ধিল্লন, দেবশ্রী রায়, ইফতেখার এবং শক্তি কপুর। ছবিটিতে সতীর্থ পাতিল এবং কিরমানির মধ্যে একটি বিখ্যাত লড়াইয়ের দৃশ্য দেখানো হয়েছে। কিন্তু, বক্স অফিসে ছবিটি তেমন বিস্ময়কর কিছু করতে পারেনি। তবু শচিনের অভিনয় জগতে পা রাখা ভক্তদের জন্য আনন্দের তো বটেই।