মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে ১৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে জাহাজটি কক্সবাজার নুনিয়াছড়া ঘাঁটিতে এসে পৌঁছায়।

বিজিবির কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব বিষয়টি আজ নিশ্চিত করেন। তিনি বলেন,  প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে প্রত্যাবাসিত ১৭৩ বাংলাদেশি নাগরিক নিয়ে ‘চিন ডুইন’ নামক জাহাজ মিয়ানমারের রাখাইনের সিতোয়ে বন্দর ছাড়ে।

মিয়ানমারের এই জাহাজটি বৃহস্পতিবার বাংলাদেশে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যের নিয়ে দেশে ফিরে যাবে।

দেশে ফেরা ১৭৩ বাংলাদেশির মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, সাত জন রাঙামাটির এবং একজন করে খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার বাসিন্দা

মিয়ানমারের বিভিন্ন কারাগারে থাকা ১৪৪ বাংলাদেশি নাগরিকের কারাভোগের মেয়াদ আগেই পূর্ণ হয়। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় মিয়ানমার সরকারের ২৯ জনের সাজা মওকুফ করে দেন।