কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে দুই তরুণ নিখোঁজ রয়েছেন।
আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ আনিছ পাড়ার জনৈক সাহাব উদ্দিনের বাড়ির সামনে নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কালাগাজি সিকদার পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও ৭নং ওয়ার্ডস্থ সিকদার পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মো.মুবিন (১৮)।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না জানান, বুধবার সকালে মনছুর ও মুবিন মাতামুহুরী নদীতে মাছ ধরতে নামে। তারা পানি থেকে না উঠায় নদী তীরবর্তী বাসিন্দারা সংগঠিত হয়ে ওই দুই যুবকের সন্ধান শুরু করে। অল্পক্ষণ পর চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দেয় উদ্ধার অভিযানে। এরপরও বেলা ২টা পর্যন্ত নিখোঁজ দুই যুবকের সন্ধান মেলেনি।
চেয়ারম্যান মুন্না আরও বলেন, চার ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজদের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে ডুবরী দল আনতে খবর পাঠিয়েছেন।