ফরিদপুরে মধুখালীতে দুই সহোদর ভাইকে পিটিয়ে হত্যা ও অনেককে আহত করার ঘটনায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। অভিযুক্তদের বিচারের দাবিতে গতকাল সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ পরিস্থিতিতে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে আবারও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সেখানে।
ফরিদপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদরসহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি পঞ্চপল্লীর কাছে ও বাঘাটে বাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয়ে টহল পরিচালনা করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ম্যাজিস্ট্রেটসহ যৌথ বাহিনীর সঙ্গে বিজিবির টহলের পাশাপাশি গ্রাম পুলিশ অবস্থান করছে।
গতকাল সকালে ফরিদপুর-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এর ফলে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সর্বজনীন কালীমন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চার নির্মাণশ্রমিকের ওপর হামলা করা হয়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুই সহোদর আশরাফুল ও আসাদুলের মৃত্যু হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে মধুখালী থানায় তিনটি মামলা হয়েছে।