আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের জুড়ীতে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনকে দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠান চিকিৎসক।
দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহত চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তিনি বলেন, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলীর নির্দেশে সাইদুল, মুহিব, সোহেলের নেতৃত্বে তার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টাও করা হয়।
আলী হোসেন জানান, তিনিসহ আরও ৩ প্রার্থী এ নির্বাচনে ঘোড়া প্রতীক চেয়েছিলেন। প্রতীক বরাদ্দের দিন এই বিষয়টি নিয়ে অনেক হট্টগোল হয়। একাধিক প্রার্থী হওয়ায় লটারির মাধ্যমে তিনি ঘোড়া প্রতীক পাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে অপর চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলীর নির্দেশে এই সন্ত্রাসী হামলা সংঘটিত হয়।
আনফর আলী তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহবায়ক উল্লেখ করে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি বলেন, আনফর ও হামলার শিকার আলী হোসেন তারা চাচা-ভাতিজা। পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে। তিনি এ হামলার সঙ্গে জড়িত নন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।