ভোটপ্রচারে এসে বক্তৃতা মঞ্চেই জ্ঞান হারালেন মন্ত্রী

জনসভায় বক্তৃতা করছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী নিতিন গডকড়ী। হঠাৎ জ্ঞান হারিয়ে স্টেজে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা। তারাই তাকে স্টেজের নীচে নিয়ে যান। সেখানেই প্রাথমিক চিকিৎসার পরই জ্ঞান ফেরে তার। পরে আবারও মঞ্চে উঠে বক্তৃতা শেষ করেন তিনি।

আজ বুধবার (২৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্চে জ্ঞান হারানো ওই মন্ত্রীর নাম নিতিন গড়কড়ী। ভারতের সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী তিনি। বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের যুবমলে একটি নির্বাচনী জনসভার মঞ্চে তিনি জ্ঞান হারান।

এদিকে ইন্ডিয়া টুডে জানিয়েছে, যুবমলের পুসাদের একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করছিলেন ওই মন্ত্রী। এ সময় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দলের অন্যরা তাকে তাৎক্ষণিক ধরে ফেলেন। এরপর চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়।

নিতিনি নামের ওই মন্ত্রী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। দেশটির প্রথম ধাপের লোকসভা নির্বাচনে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নিতিনের জ্ঞান হারানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, তিনি মঞ্চে অসাড়ের মতো হয়ে পড়ছেন। লোকজন তাকে ধরে সরিয়ে নিচ্ছে।

এ ঘটনার পর নিজের এক্সে একটি পোস্ট দিয়েছেন নিতিন। সেখানে তিনি জানান, তীব্র গরমে তিনি অস্বস্তি বোধ করছিলেন। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।