১২ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সিভিল ওয়ার’ সিনেমাটি। মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় বেশ এগিয়ে আছে। এতে আলোকচিত্রী লি স্মিথের চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন ডানস্ট। অভিনেত্রী এখন আলোচনায় তার নতুন সিনেমা দিয়ে। সিভিল ওয়ার সিনেমাটি অভিনেত্রীর ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নতুন মাত্রা যোগ করেছে। অ্যালেক্স গারল্যান্ডের সিনেমাটিতে তিনি যুদ্ধ কাভার করা আলোকচিত্রীর চরিত্র করেছেন। অনেক সমালোচক মনে করছেন, সিনেমাটি দিয়ে নির্মাতা আসলে যুদ্ধবিরোধী বার্তা দিতে চেয়েছেন।
চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্টেন বলেন, সিভিল ওয়ার এমন একটি সিনেমা, যা দর্শকের মনে অনেক প্রশ্ন উসকে দেবে। ১৪ মার্চ সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। ৫০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি এর মধ্যেই বক্স অফিস থেকে প্রায় ৪০ মিলিয়ন ডলার আয় করে ফেলেছে। বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে এটি।